ঢাকা- এবার বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিভিন্ন পুজোমণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবর প্রস্তুতি। ঘরে ঘরে উৎসবের আমেজ।
এদিকে, অতীত থেকে শিক্ষা নিয়ে দুর্গাপুজোয় হিংসা এড়াতে এবার আগেভাগে মাঠে নামল বাংলাদেশের মহম্মদ ইউনুস প্রশাসন। দুর্গাপুজোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব সে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
এরই অংশ হিসেবে বাংলাদেশজুড়ে র্যাবের ২৮১ টি দল মোতায়েন করা হয়েছে। শুক্রবার র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে কোনে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাতে র্যাবের ৯৪টি টহল-সহ সারা দেশে ২৮১টি দল মোতায়েন রয়েছে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য পেলে তা র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে। এছাড়া দুর্গাপুজোকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছিলেন, পুজোয় এবার কোনওরকম অশান্তি রুখতে ২৪ সেপ্টেম্বর থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় থাকবেন। ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন সারা দেশের পুজো মণ্ডপগুলিতে মোতায়েন থাকবেন দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য।
