ঢাকা- বাংলাদেশের ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঢাকার উত্তরায় একটি স্কুলের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬ জন।
এই সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এই সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ১২০ জন জখম হয়েছেন। বেশিরভাগেরই শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। জখমদের বয়স ১৪ থেকে ২০ বছর। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন একটি স্কুল ভবনের উপর ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার বিমানটি। বিমানটি ভেঙে পড়ার পর স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়।
বাংলাদেশ বায়ুসেনার এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে (বাংলাদেশের স্থানীয় সময়) উড়ান শুরু করে। এরপর সেটি একটি স্কুল ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে পড়ে।
স্কুল ভবনের উপর বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বায়ুসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করছি।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
