হিন্দুদের উপর লাগাতার পরিকল্পিত অত্যাচার! ভারতের অভিযোগ নস্যাৎ করে বাংলাদেশের দাবি, ‘বিচ্ছিন্ন অপরাধ’

কলকাতা- বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর পরিকল্পিত অত্যাচারের যে গুরুতর অভিযোগ ভারত তুলেছিল, তা সরাসরি খারিজ করে দিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার।

ঢাকার দাবি, গত কয়েক মাসে সংখ্যালঘুদের ওপর হামলার যে ঘটনাগুলো সামনে এসেছে, তা কোনওভাবেই সাম্প্রদায়িক বা পরিকল্পিত নয়, বরং সেগুলি নিছকই বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা।

সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারত স্পষ্টভাবে জানিয়েছিল যে, ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগতভাবে নির্যাতন চলছে।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, একের পর এক মন্দির ভাঙচুর এবং হিন্দু দোকানপাটে হামলার ঘটনা উল্লেখ করে দিল্লি জানিয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিসর ক্রমশ কমে আসছে।

ভারতের এই কড়া বার্তার পরই রবিবার পাল্টা প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, ভারতের এই অভিযোগ ভিত্তিহীন।

তৌহিদ হোসেন আরও অভিযোগ করেন যে, ভারতীয় সংবাদমাধ্যম ঘটনাগুলিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। তাঁর দাবি, ছোটখাটো অপরাধমূলক ঘটনাকে বড় করে দেখিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা চলছে।

কূটনৈতিক মহলের মতে, ঢাকার এই ‘বিচ্ছিন্ন ঘটনা’র তত্ত্ব ভারতের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না। ভারত চাইছে সুনির্দিষ্ট পদক্ষেপ ও দোষীদের শাস্তি, সেখানে ঢাকা বিষয়টিকে ‘সাধারণ অপরাধ’ বলে লঘু করার চেষ্টা করায় আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *