মালদার পর শিলিগুড়ি, বাংলাদেশিরা আর হোটেলে ঘর পাবে না, বড়সড় সিদ্ধান্ত হোটেল মালিকদের

কলকাতা : মালদার পর শিলিগুড়ি। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এবং ভারত নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কড়া পদক্ষেপ নিলেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে শিলিগুড়ির কোনও হোটেলেই বাংলাদেশি নাগরিকদের ঠাঁই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। শিলিগুড়ির ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি সে দেশের কিছু নেতার ভারত-বিরোধী মন্তব্য, বিশেষ করে ‘চিকেন নেক’ করিডোর এবং উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিরূপ মন্তব্য দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রাথমিক পর্যায়ে হোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, পর্যটক বা সাধারণ ভিসা থাকা ব্যক্তিদের ঘর না দেওয়া হলেও মানবিকতার খাতিরে শিক্ষার্থী এবং মেডিকেল ভিসায় আসা রোগীদের ছাড় দেওয়া হবে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

শিলিগুড়ি যেহেতু উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসার অন্যতম কেন্দ্র, তাই এই সিদ্ধান্তের ফলে পর্যটন ও চিকিৎসা পরিষেবা নিতে আসা বাংলাদেশিরা বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *