কলকাতা- শীতের মারকাটারি ইনিংস কি তবে শেষের পথে? মাত্র সপ্তাহখানেকের দাপট দেখিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে আপাতত কার্যত উধাও কনকনে ঠান্ডা।
আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট, আগামী এক সপ্তাহ রাজ্যে আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, সরস্বতী পুজোতেও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ফেরার আশা ক্ষীণ।
হাওয়ার অফিসের মতে, উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে পশ্চিমবঙ্গ, পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের আকাশে ঝঞ্ঝার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের ওপর ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বাধা পাচ্ছে শীতল হাওয়া। এর ফলেই তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী বেশ কিছুদিন বজায় থাকবে কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঠান্ডার আমেজ জারি রয়েছে।
