কলকাতা- বহুপ্রতিক্ষীত ‘ধূমকেতু’ সিনেমা বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। পুরনো হিট জুটি দেব-শুভশ্রীকে ফের পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর অপেক্ষায়। এই ছবিই এখনও পর্যন্ত তাঁদের জুটির শেষ ছবি। ১২টা বছর দর্শক অপেক্ষা করেছেন তাঁদের প্রিয় জুটির সেই ম্যাজিক, নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য।
এই বছরের শুরু থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। প্রশ্ন ছিল, আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা? এই প্রশ্নও ঘুরেফিরে এসেছে দর্শকের মনে। অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসাবে দেব এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন সম্প্রতি। একইসঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৪ আগস্ট ছবি মুক্তির দিন হিসাবে ঘোষিত হয়। বড়সড় চমক দিল দেব-শুভশ্রী জুটি।
সোশাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।” এই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য।
