কলকাতা- এসআইআর চলছে বাংলায়। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। ইতিমধ্যেই এই হিয়ারিং পর্ব নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে।
বয়স্ক ব্যক্তিরা শুনানি নিয়ে ‘চরম হেনস্থা’র অভিযোগ তুলেছেন। এবার এই হিয়ারিং পর্ব নিয়েই শোরগোল। কারণ, খসড়া তালিকায় নাম থাকার পরেও, আচমকা ফোন করে শুনানির জন্য ডাকা হয়েছে বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে।
সোমবার জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়। পরিবারের সদস্য তিনজন। জয়, কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী। এনুমারেশন ফর্ম জমা করেছিলেন নিয়ম মেনে। খসড়া তালিকায় নাম এসেছিল। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ছিলেন তাঁরা। কিন্তু আচমকা ফোন সোমবার।
তিনি জানাচ্ছেন, ‘গতকাল আমাকে ফোন করে বলা হয়েছে, শুনানিতে যেতে হবে জয় এবং বুকুনকে। ২ জানুয়ারি। জয়ের তিনটে অপারেশন হয়েছে। সংক্রমণের ভয়ে ওঁর সামনের ঘরেই বসা নিষেধ। নিয়ে যেতেই পারব না।’
তাঁর বক্তব্য-‘আমার বিজেপির কাছে প্রশ্ন, এই হেনস্থার মানে কী? ভাবুন, জয়কে যদি এই হেনস্থার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে।’ সঙ্গেই জানান, জয়কে যে ২ তারিখের হিয়ারিংয়ে নিয়ে যেতে পারবেন না, তাও স্পষ্ট জানিয়েছেন বিএলও’কে। যদিও বিএলও তার উত্তরে কিছুই জানাননি। এখন অপেক্ষা, এর পর কী করতে হবে, সেদিকে।
