কলকাতা- জিম প্রশিক্ষক তিনি। ভেবেছিলেন, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকাকে দেবেন সারপ্রাইজ। তবে তার আগে তাঁকেই ভয়ানক সারপ্রাইজ দিলেন প্রেমিকা!
প্রেমিকা জানিয়ে দিলেন সামনেই তাঁর বিয়ে। নিমন্ত্রণের কার্ড হাতে নিয়েও যেন বিশ্বাস হচ্ছিল না বছর ছাব্বিশের কিরণের। ধাক্কা সামলাতে না পেরেই কিরণ আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বছর তিনেকের সম্পর্ক ছিল কিরণের। এর পর চোখের সামনে প্রেমিকার বিয়ের নিমন্ত্রণের কার্ড ও নতুন শাড়ি দেখার পরই সম্ভবত মনে মনে চরম পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন তিনি।
বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দি করে ফেলেন কিরণ। অনেকক্ষণ সাড়া না পেয়ে বাড়ির লোক দরজা ভেঙে ভিতরে ঢুকলে কিরণকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ওই তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কিরণের পরিবারের সদস্যরা। কিরণের পরিবারের আরও দাবি, কিরণ নাকি তাঁর প্রেমিকার পরিবারের ৫০ লক্ষ টাকা ঋণ শোধ করার জন্য পদক্ষেপ নেন।
