২৬-এর ভোটের আগে বড় চমক! তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ বিধায়কের, গড়ছেন নতুন দল

কলকাতা- বিধানসভা নির্বাচনের আগে এবার বড় চমক। নতুন দল গড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!

বুধবার বিধায়ক জানান, আগামী ১৫ অগাস্ট নতুন দল গড়বেন তিনি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ায় প্রার্থী দেবে হুমায়ুনের ‘নতুন দল’। অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন। এদিন তাঁর এই ঘোষণায় প্রশ্ন উঠল, ফের দলের সঙ্গে মতানৈক্য?

এমন সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ? বিধায়কের কথায়, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার কোনও ক্ষোভ নেই। ক্ষোভ মূলত জেলা নেতৃত্বকে নিয়ে। যাঁরা সভাপতি তাঁদের নিয়েই সমস্যা। এরা কোনও বিষয়ে আলোচনা করে না। আমাকে কোনও গুরুত্ব দেওয়া হয় না। অথচ আমার থেকে যারা অনেক জুনিয়র, তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এভাবে কতদিন?’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘নেত্রীই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব, যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না, কিন্তু ছাগল দিয়ে যে ধান মাড়া হচ্ছে, তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছেন না। যোগ্য ভোটাররা যাতে সম্মান পান, তারই ব্যবস্থা করব।’

তাঁর যে দলের সঙ্গে একটা দূরত্ব রয়েছে বিধায়কের বক্তব্য থেকেই স্পষ্ট। সাম্প্রতিক সময়ে একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন তিনি। এছাড়াও একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য দলের কাছে ধমকও খেতে হয় তাঁকে। পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে। এবার তাঁর নতুন দল গঠনের ঘোষণা থেকে একপ্রকার স্পষ্ট হুমায়ুন আছেন স্বমহিমাতেই। কার্যত তিনি দলকে এই বার্তাই দিতে চাইলেন, তৃণমূলের সংখ্যালঘু অধ্যুষিত ভোটব্যাংক এলাকাগুলিতে হুমায়ুন একটা বড় ফ্যাক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *