লালবাগচা রাজার পুজোয় ১১ লাখ টাকা চাঁদা! বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের বেলা শূন্য! ট্রোলড বিগ বি

মুম্বাই – প্রতি বছর জয়া বচ্চনকে নিয়ে ‘লালবাগচা রাজা’র দর্শনে যান অমিতাভ বচ্চন। বছরখানেক আগে পর্যন্ত সেই পুজোমণ্ডপে কোনও না কোনও দিন সপরিবারে ধরা দিতেন শাহেনশা।

এবার সেই রীতিতে ছেদ পড়েছে! সম্ভবত বার্ধক্যজনিত কারণেই লালবাগে যাননি অমিতাভ। তবে নিজে সশরীরে উপস্থিত না থাকলেও গণপতি আরাধনার জন্য চাঁদা পাঠাতে ভোলেননি।

লালবাগের এবারের গণেশপুজোর জন্য ১১ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন অমিতাভ বচ্চন। আর সেই খবর চাউর হতেই বিগ বি’র কর্তব্যবোধ নিয়ে সমালোচনার ঝড়!

চেকের মাধ্যমে ১১ লক্ষ টাকা চাঁদা পাঠিয়েছিলেন বিগ বি। যেটা লালবাগচা রাজা সর্বজনিক গণেশোৎসব মন্ডলের সচিব সুধীর সালভির হাতে তুলে দেওয়া হয় শাহেনশার টিমের পক্ষ থেকে। আর সেই ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হল অমিতাভকে।

একাংশ বিগ বি’কে মনে করিয়ে দিলেন বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের কথা। কেউ বা আবার প্রশ্ন ছুড়লেন, ‘লালবাগের মতো বড় পুজো কমিটিকে ১১ লক্ষ টাকা চাঁদা দিচ্ছেন, আর বানভাসি পাঞ্জাবের বেলায় শূন্য?’ কারও মন্তব্য, ‘এই টাকাটা তো পাঞ্জাবেও দিতে পারতেন, অন্তত কটা মানুষ খেতে পারত।’

গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *