কলকাতা – বিজয় হাজারেতে অভূতপূর্ব ব্যাটিং তাণ্ডব। বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রানে পাহাড় গড়ল বিহার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তুলে বিশ্ব ক্রিকেটে (লিস্ট এ ক্রিকেট) এক অনন্য ইতিহাস তৈরি করল বৈভব সূর্যবংশী, সাকিবুল গনির দল।
ঘরোয়া এবং আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট মিলিয়ে এটিই এখন সর্বোচ্চ দলীয় রানের ইনিংস। লিস্ট এ ক্রিকেটে এতকাল সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ছিল তামিলনাড়ুর দখলে। ২০২২ সালে বেঙ্গালুরুতে এই অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই ২ উইকেটে ৫০৬ রান করেছিল তারা।
এছাড়া আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের নেদারল্যান্ডসের বিরুদ্ধে করা ৪৯৮ রানের ইনিংসটিও ছিল ইতিহাসের অন্যতম সেরা। বুধবার রাঁচিতে সেই সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে ৫৭৪ রান করল বিহার। ক্রিকেট ইতিহাসে লিস্ট এ ম্যাচে ৫০০-র গণ্ডি ছোঁয়ার ঘটনা এর আগে মাত্র একবারই ঘটেছিল।
১৬ বছরের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করে। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রানের এক অতিমানবিক ইনিংস খেলে সাজঘরে ফেরে বৈভব। তার এই ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। অর্থাৎ ১৯০ রানের মধ্যে ১৫৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।
বৈভবের বিদায়ের পর ক্রিজে তাণ্ডব শুরু করেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। তিনি মাত্র ৪০ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, ছিল ১০টি চার ও ১২টি ছক্কা।
লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ৫টি দলীয় ইনিংস:
- ৫৭৪/৬ – বিহার বনাম অরুণাচল প্রদেশ (২০২৫)
- ৫০৬/২ – তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশ (২০২২)
- ৪৯৮/৪ – ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (২০২২)
- ৪৯৬/৪ – সারে বনাম গ্লস্টারশায়ার (২০০৭)
- ৪৮১/৬ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (২০১৮)
