কলকাতা- আগের থেকে কিছুটা ভাল আছেন প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়। দিল্লি এইমসে চিকিৎসাধীন তিনি। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে খবর।
এখন নিজেই খাবার খাচ্ছেন তিনি। শরীর অনেকটাই স্থিতিশীল। তবে সংকট কাটেনি বলে জানা যাচ্ছে। আরও ২ সপ্তাহ আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হবে বলে এইমস সূত্রে খবর।
১৪ জুন নিজের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সাংসদ। তড়িঘড়ি তাঁকে নিউ আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা।
১৯ জুন, বৃহস্পতিবার এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। গ্যাস্ট্রো এনট্রোলজিস্ট-সহ বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা শুরু করে।
বিজেপি সাংসদ চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সামান্য হলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনই জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করার কোনও সম্ভাবনা নেই।
