কলকাতা- হাসপাতালে ভর্তি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে জ্বরে কাবু শমীক। কিছুতেই জ্বর না কমায় সোমবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হবে। সেইসঙ্গে চলবে রুটিন চেকআপও। রিপোর্ট দেখার পর চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে।
গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর বাষট্টির শমীক। অসুস্থ শরীর নিয়েই একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এদিন সকাল থেকে বেশি অসুস্থ বোধ করলে তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ের পর দুর্গতদের পাশে থাকতে তড়িঘড়ি উত্তরবঙ্গের একাধিক জায়গায় ছুটে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখান থেকে ফিরে আসার পর জ্বর নিয়েই কাজকর্ম করছিলেন।
