কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজি! বেঘোরে প্রাণ হারাল ক্লাস ফোরের ছাত্রী

কলকাতা- সামান্য উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত! অকালে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির পড়ুয়া।

সোমবার দুপুরে কালীগঞ্জ উপনির্বাচনে বিজয় উৎসবে বোমাবাজির ফলে মৃত্যু হল নাবালিকার। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজয় মিছিল বের করেন। সেই সময় ওই ছাত্রী বাড়ির দিকে ফিরছিল। বিজয় মিছিলের সামনে আসতেই আচমকা মিছিল থেকেই বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতের নাম তামান্না খাতুন। সে চতুর্থ শ্রেণির পড়ুয়া।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *