কলকাতা- আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ক্যামেরন গ্রিন। তাঁকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়।
আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। স্টার্কের রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বিদেশির তকমা নিজের নামে করলেন গ্রিন। আর সেই গ্রিনই আজ অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান।
চলতি অ্যাশেজে এমনিতেই ফর্মেই নেই ক্যামেরন গ্রিন। তিনি এই সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৬৯ রান করেছেন। তার মধ্যে সর্বোচ্চ হল ৪৫। আর বল হাতে মাত্র ১ উইকেট নিয়েছেন।
যদিও টেস্টে ফর্মে না থাকলেও চলতি বছরের অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই-তে মাত্র ৫৫ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্যামেরুন গ্রিন। তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষবার বল করেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে অ্যাশেজে ফের তিনি বল করছেন। তা কেকেআরের জন্য সুখবর হতে পারে।
গ্রিন এর আগে মুম্বই এবং আরসিবির হয়ে খেলেছিলেন। গতবছর যদিও চোটের জন্যে আইপিএল খেলেননি তিনি। এদিকে গ্রিনের আগে ২০ কোটির বেশি দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।
আইপিএলে এর আগে একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। বল হাতে তিনি পেয়েছেন ১৬টি উইকেট। এদিকে আন্তর্জাতিক টি২০-তে ২১টি ম্যাচে ৫২১ রান করেছেন গ্রিন। তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬টি। স্ট্রাইকরেট ১৬০.৩১।
