কলকাতা- সিঙাড়া, জিলিপির মতো খাবারগুলিতে কোনও ওয়ার্নিং লেবেল বা সতর্কতামূলক বার্তা দেওয়ার কথা বলা হয়নি। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে ভুল খবর প্রকাশিত হয়েছে বলে জানাল কেন্দ্র। কেন্দ্রের দাবি, খাবারগুলি যেখানে বিক্রি হয়, সেখানে একটি করে ডিসপ্লে বোর্ড লাগানোর কথা বলা হয়েছে। ওই ডিসপ্লে বোর্ডে এই ধরনের খাবারের বিপজ্জনক দিক নিয়ে নানা পরামর্শ থাকবে। এমনই বোর্ড লাগানোর বার্তাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানাল কেন্দ্র।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি নির্দেশিক জারি করে বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির জন্য। নির্দেশিকায় সিগারেটের মতোই বিপজ্জনক বলা হয় সিঙাড়া, জিলিপি, কচুুরিকে। বিপজ্জনক কারণ এই খাবারগুলিতে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি। অতিরিক্ত তেল ও কার্বোহাইড্রেট বা ক্যালোরিতে পূর্ণ এইসব খাবার। তাই এই খাবারগুলি নিয়ে সতর্কমূলক বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে নাগপুরের এইমসে এমন একটি ডিসপ্লে বোর্ডও লাগানো হয়েছে বলে খবর সংবাদমাধ্যম সূত্রের।
কেন্দ্র জানিয়েছে, এই ধরনের খাবারে থাকা অতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেট ওবেসিটির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশের অধিকাংশ মানুষ বর্তমানে ওবেসিটির সমস্যায় ভুক্তভোগী। ওবেসিটি শরীরের আরও বেশ কিছু রোগের জন্য দায়ী। দেখা গিয়েছে স্থূূলত্ব বা ওবেসিটি থেকে হার্টের রোগ, কিডনির রোগ, হাই প্রেশার, সুগার, লিভারের সমস্যা ইত্যাদি হতে পারে। তাই এই সমস্যার মোকাবিলা করতে বোর্ড টাঙিয়ে মানুষ সচেতন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
