কলকাতা – তিন মাস ধরে তদন্ত। তার পর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ২৫০০ পাতার চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল বা সিট। জ্যোতির পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার সুনির্দিষ্ট প্রমাণও মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিশাল চার্জশিটে দাবি করা হয়েছে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের চর হিসেবে কাজ করছিলেন জ্যোতি। এমনকি পাক এজেন্টদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের কথাও উল্লেখ রয়েছে। নাম উল্লেখ করে বলা হয়েছে যে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ধিলনের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, গত বছরের ১৭ এপ্রিল জ্যোতি পাকিস্তানে যান এবং ১৫ মে ভারতে ফিরে আসেন। তার মাত্র ২৫ দিন পরেই ১০ জুন তিনি চিনে যান। সে দেশে জুলাই পর্যন্ত থাকার পর তিনি নেপালে যান। এর আগেও একবার কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে গিয়েছিলেন ধৃত ইউটিউবার। তখন তিনি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফের সঙ্গেও দেখা করেন।
উল্লেখ্য, গত মে মাসে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছিল। নয়াদিল্লিতে পাক হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল বলে জানানো হয়েছিল তদন্তকারীদের তরফে। এই সূত্র ধরেই কমপক্ষে দু’বার পাকিস্তানেও গিয়েছিলেন জ্যোতি।
