কলকাতা- জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের বিবাদের কারণে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ বর্তমানে চর্চায়। জিতুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া রায়।
অভিযোগ ছিল, মাত্রাতিরিক্ত ইয়ার্কি, যা দিতিপ্রিয়ার মতে তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। চ্যাটের স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাগ করে নেন জিতু। সবটা মিলিয়ে সরগরম ছিল পরিস্থিতি। তাঁরা দু’জনই মেগা ছাড়তে পারেন এমন গুঞ্জনও তৈরি হয়, যদিও সবটা নস্যাৎ করে সমস্যা মিটিয়ে নেন তাঁরা।
এর পর মেগার প্রোমো আসতেই দিতিপ্রিয়ার অভিনীত চরিত্র ‘অপু’র মুখ দেখা গেল না! তাহলে কি সত্যি মেগা ছাড়লেন নায়িকা? ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে স্যোশাল মিডিয়ায় বিরাট শোরগোল।
মঙ্গলবার মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি ‘আর্য’। তার মাথায় ব্যান্ডেজ। আর তার মধ্যেই অপহরণ হয়ে যায় ‘অপর্ণা’। তাকে বাঁচাতে ‘আর্য’র মা-ই তাঁকে পাঠায় ‘অপর্ণা’র কাছে। আর সেখানেই ‘অপর্ণা’ সাজে চেয়ারে অচেতন অবস্থায় বসে থাকতে দেখা যায় এক নায়িকাকে।
চুলে ঢাকা থাকার কারণে তাঁর মুখ ঠিক করে দেখা যায় না। ফলে তিনি দিতিপ্রিয়া কিনা তাও বোঝা যায় না। তবে তাঁর ধরণ দেখে খানিকটা হলেও আন্দাজ করা যায় তিনি সম্ভবত দিতিপ্রিয়া নন।
