কলকাতা- নতুন বছরের শুরুতেই ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। ১ ফেব্রুয়ারি থেকে আরও দামি হতে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকেই অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হবে তামাকজাত দ্রব্যের উপর। নতুন কর বসানো হবে পান মশলার উপর। এর ফলে তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর নতুন জিএসটি হার অনেকটাই বেশি হবে।
২০১৭ সালে প্রথম জিএসটি কার্যকর হওয়ার পর এইপ্রথম কেন্দ্রীয় আবগারি আইন এবং কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) আইন, ২০২৫ এ কর পরিকাঠামোই বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার৷
প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসেই লোকসভা ও রাজ্যসভায় নতুন দুটি বিল পাশ করা হয়। ১ ফেব্রুয়ারি থেকে কমপেনসেশন সেস উঠে যাবে। তার জায়গাতেই নতুন শুল্ক বসবে। প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক আগে যেখানে ২০০ থেকে ৭৩৫ টাকা ছিল, তা একধাক্কায় বেড়ে ২৭০০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে।
চিবনো তামাকের উপরেও শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হবে। হুক্কার তামাকে বসবে ৪০ শতাংশ শুল্ক। স্মোকিং মিক্সচারে পাঁচ গুণ শুল্ক বেড়ে ৬০ শতাংশ থেকে তা ৩০০ শতাংশে পৌঁছবে।
এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলার দাম। ৭০ টাকার সিগারেটের প্যাকেট ১০০ টাকার কাছাকাছি পৌঁছবে। ১০ টাকার পানমশলার দামও ১৪-১৫ টাকা হতে পারে। যে সিগারেটের প্রতি পিসের দাম ১৮ টাকা, তা এবার ৭২ টাকা হতে পারে।
