কলকাতা- এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি লিখলেন তিনি। সোমবারের এই চিঠিতে মমতা অভিযোগ করেছেন, ভোটাররা শুনানিতে নথিপত্র জমা দিলেও কমিশন কোনও রসিদ বা প্রাপ্তিস্বীকার দিচ্ছে না, যা চরম উদ্বেগজনক।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটাররা নথিপত্র জমা দেওয়ার পরও কমিশনের তরফে দাবি করা হচ্ছে যে কোনও কাগজ পাওয়া যায়নি। রেকর্ডে নথি নেই, এই অজুহাতে অনেক প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
মমতার দাবি, সামান্য বানান ভুলের জন্যও মানুষকে শুনানির নোটিশ পাঠিয়ে অকারণে হয়রান করা হচ্ছে এবং সময় ও অর্থ নষ্ট করা হচ্ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ২০০২ সালের ভোটার তালিকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে বিশাল গোলমাল হয়েছে। এর ফলে নামের বানান, লিঙ্গ পরিচয় এবং সম্পর্কের তথ্যে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি তৈরি হচ্ছে। কমিশন নিজেদের পুরোনো নির্দেশিকাও মানছে না বলে তাঁর দাবি।
চিঠিতে তিনি লিখেছেন, ‘আগে কমিশন বলেছিল, পুরোনো ভোটার তালিকার সঙ্গে না মিললে ভোটারকে নোটিশ দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, যাঁদের সব তথ্য মিলেছে, তাঁদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে।’
ভোটাধিকার রক্ষার স্বার্থে এই ভুল পদ্ধতি অবিলম্বে সংশোধনের জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন মমতা।
