কলকাতা – অপারেশন সিঁদুর নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভার পর এনিয়ে তাল ঠোকাঠুকি আরও বেড়েছে। মোদি চা বলয় ছাড়তেই ‘সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু মনে রাখবেন প্রতিটি নারী সিঁদুরকে সম্মান করেন। তাঁরা সিঁদুর পরেন তাঁদের স্বামীর কাছ থেকে। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না?’ এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘আমি দুঃখিত। এটা আমার বলার কথা ছিল না। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে মমতা জানান, ‘অপারেশন সিঁদুর’ নামটা দিয়েছিলেন পলিটিক্যাল ক্যাচের জন্য। তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করব না। বিজেপির বিরোধী দলের প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে। এই সময়ে নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা দেয় না। এটা কোনও সৌজন্য হতে পারে না।’
