কলকাতা – একদিকে নিম্নচাপ, তার ওপর ডিভিসির জল!
পুজোর শেষলগ্ন থেকেই ভাসছে বাংলার জেলাগুলি। একাদশীর সকাল থেকে দক্ষিণবঙ্গে অঝোর বর্ষণ। মেঘলা আকাশ। দুর্যোগের পরিস্থিতি হবেই নিম্নচাপের প্রভাবে, হাওয়া অফিস পুজোর মুখেই জানিয়েছিল।
একদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা, তার মাঝেই জল ছাড়ছে ডিভিসি। দুইয়ে মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, তাতে একমত ওয়াকিবহাল মহল। এসবের মাঝেই, ডিভিসির জল ছাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুক্রবার দুপুরে, ফেসবুক, এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জি একটি পোস্ট করেছেন। লিখেছেন- ‘বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও, পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও পূর্ব নোটিস ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া সিদ্ধান্ত আমাদের পবিত্র উৎসবকালে সমস্যা তৈরির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।
নিজের পোস্টের শেষ অংশে বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে লিখেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই: আমি কাউকে বাংলা বিসর্জন দিতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্যি মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।’
মাইথন থেকে ৩২ হাজার ৫০০ এবং পাঞ্চেত থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। বিসর্জনের সময় অতিরিক্ত জল ছাড়ার কারণে চিন্তা বাড়ছে সাধারণের।
