কলকাতা – রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু খসড়া তালিকা আসতেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। উদ্বেগ প্রকাশ করে আজ শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের দলীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো।
সূত্রের খবর, আজ সন্ধ্যা ৬টা নাগাদ এই বৈঠকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-২-দের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুই দফায় আলোচনা করবেন তৃণমূল নেত্রী।
প্রথম দফায় তিনি কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন এবং দ্বিতীয় দফায় বিএলএ-দের সঙ্গে আলোচনা সারবেন। মূলত কোন কোন ওয়ার্ডে সবথেকে বেশি নাম বাদ পড়েছে এবং তার কারণ কী, তা খতিয়ে দেখে কাউন্সিলরদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।
ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ অসীম বসু ও সন্দীপরঞ্জন বক্সিকে এই বৈঠকে তলব করা হয়েছে। এছাড়া উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
তৃণমূলের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা ‘আনম্যাপড’ হাউজ নাম্বারের মতো অজুহাত দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
