‘খালি বলছে, বাংলায় সব চোর! কেন বলবে?’, বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

কলকাতা- গত সপ্তাহে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলায় দুর্নীতি নিয়ে সরব হন।

সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এটা প্রত্যাশা করিনা প্রধানমন্ত্রীর থেকে, আমি তাঁর চেয়ারকে সম্মান করি। তারও উচিত আমাদের চেয়াগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর? তাই আমি টাকা বন্ধ করেছি। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর। আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। মহারাষ্ট্র, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরেদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন। ১৮৬টা টিম পাঠিয়েছিল ক্যান ইউ ইমাজিন।’

মমতার আরও সংযোজন, ‘একটা কান না কাটা থাকলে কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই।’ পাশাপাশি এদিন নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ভোট এলেই এনআরসি করতে হবে? নতুন করে নাম কাটতে হবে? ইলেকশন কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই-কিন্তু প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।’

এদিন সভা থেকে প্রধানমন্ত্রীর ক্রমাগত সফর নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ‘নির্বাচনের আগে বারবার আসছেন, ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি-সবই তো পাচ্ছেন ফ্রিতে! আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *