কলকাতা- দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৭০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজের উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদ জেলা সফরে যাবেন তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী প্রায় ৪৭৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রায় ২২৯ কোটি টাকা ব্যয়ে আরও প্রায় ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫ মে রাতে ট্রেনে বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেদিন বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন সকালে সড়ক পথে পৌঁছে যাবেন সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভা এলাকার কয়েকটি ওয়ার্ডে এবং গ্রামে। সেখানে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হাতে সরকারি ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার পর যাবেন সুতির ছাবঘাটি ময়দানে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের দিন সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভা থেকে ৪৭৪ কোটি টাকা ব্যয়ে ৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।
সামশেরগঞ্জ ব্লক এবং ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ডে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাস্তা নির্মাণ, সংস্কার, নদী পাড় বাঁধাই এবং ভাঙন প্রতিরোধের কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত প্রকল্পগুলোর জন্য রাজ্য সরকার প্রায় ৬৯.৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও নবগ্রাম, সাগরদিঘি, ফরাক্কায় ছাত্রছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ, ডোমকল, বেলডাঙা, নওদা, ধুলিয়ান, খড়গ্রাম, সাগরদিঘিতে ‘হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে’র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ১১.৭৮ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জের অনুপনগরে ১০০ শয্যার বিড়ি শ্রমিকদের হাসপাতাল, কান্দি মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে নতুন ১০০ শয্যার ‘এমারজেন্সি’ এবং ‘ইন্ডোর বিল্ডিং’ এবং ৩০ শয্যা বিশিষ্ট ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনও মুখ্যমন্ত্রীর কর্মসূচির তালিকায় রয়েছে।
