কলকাতা- শিক্ষক দিবসের অনুষ্ঠানে অযোগ্য শিক্ষকদের প্রতি ‘মানবিক’ মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তিনি আজ প্রস্তাব করলেন, অযোগ্য যে সব শিক্ষক চাকরি হারিয়েছেন, তাঁদের যাতে গ্রুপ সি-র চাকরি হয়, সেটা তিনি আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করবেন।
আজ মমতা বলেন, ‘১০ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাঁদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাঁদের নিয়ে আইনত আলোচনা করছি।
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো অযোগ্যরা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, সেটা দিতে পারি কি না, তা শীঘ্রই আমরা জানাব। তাঁদের হতাশ হতে বারণ করব। কারণ, আমাদের সরকার মানবিক সরকার। আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি। আজ শিক্ষকদিবসের প্রাক্কালে সব শিক্ষকদের অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ৩০ জুলাই অযোগ্য ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসির প্রকাশিত এই অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকের নামই এই তালিকায় আছে বলে দাবি করা হচ্ছে।
