‘বিমা থেকে জিএসটি বাদ দিতে বাধ্য করেছি আমরা’, বিধানসভায় বড়সড় দাবি মুখ্যমন্ত্রীর

কলকাতা-  ‘বিমা থেকে জিএসটি বাদ দেওয়ার কথা বলেছিলাম। তা করতে বাধ‍্য হয়েছে।’ বুধবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী।

জিএসটি কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর জিএসটি কাঠামোয় এই পরিবর্তনকে ‘সাধারণ মানুষের জয়’ বলে অভিহিত করেছে রাজ্যের শাসক দল।

চাপে পড়েই কেন্দ্র নতিস্বীকার করেছে বলে দাবি তৃণমূলের। আর এবার বিমা থেকে জিএসটি বাদ দেওয়ার প্রসঙ্গ বিধানসভায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড বাঁধে। ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে এদিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। তা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।

জিএসটি প্রসঙ্গে মমতা বলেন, ‘বিমা থেকে জিএসটি বাদ দেওয়ার কথা বলেছিলাম। তা করতে বাধ‍্য হয়েছে। বিজেপির যাওয়ার সময় তো হয়ে এল। দেশটাকে বিক্রি করে দিয়েছে। বিজেপি চোর না ডাকাত।’

জিএসটিতে পরিবর্তনের ঘোষণার পরই ২০২৪ সালে ২ অগাস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এক্স হ্যান্ডেলের পোস্ট করে তৃণমূল। সেখানে লেখা, ‘সাধারণ মানুষের জয়। এক বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথমদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন যে বিমার উপর কর বসানো নিষ্ঠুর, জনবিরোধী। যা পরিবারগুলিকে ভবিষ্যত সুরক্ষিত করতে বাধা দেবে। ফলে সংকটের সময়ে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। নরেন্দ্র মোদির সরকার অবশেষে চাপের কাছে নতিস্বীকার করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *