কলকাতা- তৃণমূলের শাসনে রাজ্যে খেলা, মেলা, উৎসবের হিড়িক বেড়েছে। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন না।
কিছুদিন আগেই এই খেলা-মেলা নিয়ে দলের ভিতরেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনাতেও উঠে এল এই একই প্রসঙ্গ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভাল থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন প্রয়োজন হয়। উৎসব এই রিল্যাক্সেশন দেয়। সব সময় কেন খালি টেনশন? প্রচুর বিদেশি পর্যটক আমাদের রাজ্যে এসেছেন। আমি দেখতে চাই বিদেশি পর্যটক আসায় আমরা যেন দেশে এক নম্বর হতে পারি।”
অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, “আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ ডিফেম করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অনুষ্ঠান ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শুধু ২৪ ও ২৫ তারিখ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে। সেখানে শুধু হাঁটা যাবে।
এদিন যীশুর প্রার্থনা সঙ্গীতে মমতার কণ্ঠ শোনা যায়।ক্রিসমাস ফ্যাস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে গান ধরলেন মমতা। ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মেলালেন তিনি।
