কলকাতা – এবার থেকে ইভিএম ব্যালট পেপারে শুধুমাত্র দলের নাম ও দলীয় প্রতীক নয়, থাকবে প্রার্থীদের রঙিন ছবিও।
বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আগামী বছরে ভোট রয়েছে পশ্চিমবঙ্গেও। সেই নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার ব্যালট পেপার তৈরির নির্দেশিকা সংশোধন করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিহার বিধানসভা নির্বাচন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন (ইসিআই) ইভিএম ১৯৬১-এর বিধি ৪৯বি-এর অধীনে ব্যালট পেপার তৈরির নির্দেশিকা সংশোধন করেছে যাতে ভোটারদের জন্য ইলেকশন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ হবে।’
নতুন পরিবর্তনের অধীনে, প্রার্থীর মুখ এখন ব্যালট পেপারের তিন-চতুর্থাংশ দখল করবে। এর ফলে ভোটারদের প্রার্থীদের চেনা সহজ হবে। সংশোধিত নিয়ম অনুসারে, ব্যালটকে আরও ভোটার-বান্ধব করে তুলতে এবং ভোটকেন্দ্রে বিভ্রান্তি কমাতে নকশা এবং মুদ্রণ উভয়ই পরিবর্তন করা হয়েছে। যাতে ভোটারদের আস্থা জোরদার করা যায়।
কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে। একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না।ভোটারদের বিভ্রান্তি দূর করতেই এই নির্দেশিকা চালু করতে চলেছে নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, ব্যালট পেপার ছাপানো হবে ভাল মানের (৭০ জিএসএম) কাগজে। বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। বিহারের বিধানসভা নির্বাচন থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। আগামী দিনে অন্য রাজ্যের নির্বাচনেও তা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
