মোদির মাকে নিয়ে কুকথা! কংগ্রেস-বিজেপি সংঘাত চরমে, তীব্র নিন্দা অমিত শাহর

কলকাতা – ভোটমুখী বিহারে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। সেই বিহারেই এবার অন্য অশান্তি। বিহারে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর মা’কে নিয়ে কুকথার অভিযোগ উঠেছে।

ঘটনাটি বৃহস্পতিবারের বলেই জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের একটি বৈঠক থেকে, কংগ্রেসের দলীয় পতাকা ধরা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং তাঁর মা’কে নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছে।

ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, দ্বারভাঙায় কংগ্রেস, আরজেডির ভোটাধিকার যাত্রার সময়ে মোদি এবং তাঁর মা’কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়।

শুক্রবার দ্বারভাঙ্গা পুলিশ জানিয়েছে, নির্বাচনমুখী বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটাধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মা’ কে কুকথার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যে ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে দেশের গণতন্ত্রের উপর ‘কলঙ্ক’ বলে অভিহিত করেছেন। কটাক্ষ করেছেন রাহুল গান্ধীকে, হাত শিবিরকেও।

সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ পোস্ট করেছেন ঘটনা প্রসঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মাতাজির প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *