কলকাতা- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই ঘটনার রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার তিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে ফোন করেন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। উল্লেখ্য, এদিন যখন শুভেন্দুর গাড়ি ভাঙচুর করা হয় তখন সেই গাড়িতে নিশীথও ছিলেন।
এদিন কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল কংগ্রেসকে। অভিযোগ, ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদয়ন গুহ ও পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই কাজ করিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
