কলকাতা- পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে চালু হলো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।
দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও আরামদায়ক ও গতিশীল করতে হাওড়া এবং গুয়াহাটির কামাখ্যার মধ্যে এই আধুনিক ট্রেনটি নিয়মিত চলাচল করবে।
গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বঙ্গ সফরকালে হাওড়া-কামাখ্যা রুটে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে এই ট্রেনটির বাণিজ্যিক পরিষেবা পুরোদমে শুরু হতে যাচ্ছে।
নতুন এই পরিষেবাটি দুটি বিশেষ নম্বরে পরিচালিত হবে। ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া এক্সপ্রেস কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
অন্যদিকে, ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা এক্সপ্রেসটি হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রওনা দিয়ে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। সপ্তাহে ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে; বুধবার কামাখ্যা থেকে এবং বৃহস্পতিবার হাওড়া থেকে ট্রেনটি বন্ধ থাকবে। যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি এবং নিউ আলিপুরদুয়ারসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
যাত্রীদের জন্য ২০ জানুয়ারি থেকে এই ট্রেনের বুকিং শুরু হয়েছে। এই ট্রেনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কোনো RAC বা ওয়েটিং লিস্টের সুবিধা নেই; শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলেই ভ্রমণ করা যাবে। ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি হবে যাত্রা শুরুর ৮ ঘণ্টা আগে।
রেলের ঘোষণা অনুযায়ী, টিকিট বাতিলের ক্ষেত্রে কড়া নিয়ম রাখা হয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার আগে বাতিল করলে ২৫ শতাংশ এবং ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে। তবে ট্রেন ছাড়ার শেষ ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।
আধুনিক স্লিপার কোচ সমৃদ্ধ এই বন্দে ভারত এক্সপ্রেস চালুর ফলে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
