কলকাতা – বাংলা ও ভারতীয় রাজনীতির কিংবদন্তি তিনি। টানা তেইশ বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জ্যোতি বসু। এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি! তৈরি হচ্ছে বায়োপিক, এমনটাই খবর সিপিএম সূত্রে। কাকে দেখা যাবে জ্যোতিবাবুর চরিত্রে?
দলীয় সূত্রের খবর, পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার তা বাস্তবায়ন হতে চলেছে। সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে।
জানা গিয়েছে, আগামী বছরের শুরু থেকে হবে ছবির প্রিপ্রোডাকশনের কাজ। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএমের তরফে।
ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে জীবনীমূলক ছবিটিতে। ইতিমধ্যে কলকাতা ও মুম্বইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব। বাংলা ভাষার পাশাপাশি চাহিদা অনুযায়ী অন্য ভাষাতেও মুক্তি পাবে এই বায়োপিক।
রাজনৈতিক নেতাদের নিয়ে বায়োপিক নতুন কথা নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি হয়েছে ইমারজেন্সি, জয়ললিতাকে নিয়ে থালাইভি, বাল ঠাকরেকে নিয়ে ঠাকরে, মনমোহন সিংকে নিয়ে তৈরি হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।
