২০২৬ নির্বাচনে কংগ্রেসের একা লড়ার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ সেলিম

কলকাতা- ‘কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বা বামফ্রন্টে কোনও বিরোধ নেই।’ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই সাফ জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বামফ্রন্টের বৈঠকে অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে সেলিমের কথাকাটাকাটি, পরে নরেন চট্টোপাধ্যায়ের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কার্যত কোনও আমল না দিয়ে সেলিম এদিন বলেন, ‘নরেন চট্টোপাধ্যায় এখন বিমান বসুর সঙ্গে বৈঠক করছেন।  তিনি জানেন এরকম অনেক মিডিয়া ইভেন্ট হয় তাতে আমরা বিচলিত হই না।’

কংগ্রেসের একার লড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সেলিম বলেন, ‘কংগ্রেসের সঙ্গে বামেদের ২০১৬-২০২১ ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা হয়েছিল, এটাকে আমরা জোট বলি না, গত ১-২ বছর ধরে দেখবেন বাম-কংগ্রেস কোনও যৌথ আন্দোলন হয়নি। তাতেই বোঝা গিয়েছিল নতুন যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার পছন্দটা কী।’

নাম না করে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে কটাক্ষ করে সেলিম জানান, তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের প্রতি গ্রহণযোগ্য অবস্থানের কথা উঠে আসছিল। তখন থেকেই আমরা পার্টিতে ও বামফ্রন্টে বলেছি আমাদের ২৯৪ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *