কলকাতা : সপ্তাহখানেক আগের ঘটনা। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের তরফে একটি ছবি পোস্ট করা হয়। ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তীর ছবি। তাঁর বর্তমান ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় বরুণের ছোটবেলার একটি ছবি। আর সেই ছবি নিয়েই যত গণ্ডগোল!
দীপক চক্রবর্তী নামের এক ব্যক্তি দাবি করেছেন, সেই ছবি আদৌ বরুণ চক্রবর্তীর নয়। সেটি তাঁর ছোটবেলার ছবি। আর তাই তিনি প্রথমে সিএসকে-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সোস্যাল মিডিয়ায় প্রশ্ন করে তিনি জানতে চান, কেন সিএসকে তাঁর ছোটবেলার ছবিটিকে বরুণ চক্রবর্তীর ছোটবেলার ছবি হিসেবে পোস্ট করেছে!
দীপক চক্রবর্তী পরিবার বিচ্ছিন্ন একজন। ১৯৯৩ সাল থেকে তিনি তাঁর মা, বাবা, দিদির খোঁজ করে চলেছেন। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া মারফত তিনি নিজের হারানো পরিবারের খোঁজ করেন। হারানো পরিবারকে খুঁজে পেতে তিনি মরিয়া। আর সেই উদ্দেশে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টাও করছেন।
দীপক চক্রবর্তী জানান, সিএসকে-এর এমন ভুল তিনি মেনে নিতে পারছেন না। তাই আইনি ব্যবস্থাও নিয়েছেন ইতিমধ্যে। ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন সিএসকে-র কাছে। তাঁর দাবি খুবই সহজ এবং স্পষ্ট – সিএসকে যেন স্বীকার করে যে ভুল হয়েছে, এবং পোস্টটি সরিয়ে দেওয়া হয় অথবা সংশোধন করা হয়।
তিনি দাবি করেছেন, এটা একজন সাধারণ মানুষের পরিচয়, তার শৈশবের স্মৃতি, নিজের অস্তিত্ব – এগুলো নিয়ে কোনও বড় সংস্থা এভাবে ভুল তথ্য ছড়াতে পারে না। এটা শুধুই একটি ছবির বিষয় নয়, এটা তাঁর পরিচয়ের বিষয়।
