ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মৃতের সংখ্যা ছাড়াল ১৪০০

কলকাতা- পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল। আহত হয়েছেন ৩,০০০ এর বেশি মানুষ। মঙ্গলবার তালিবান সরকারের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক দশকে এটি দেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

রবিবার গভীর রাতে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় আঘাত হানে, যার ফলে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে ১,৪১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৩,১০০ এর বেশি মানুষ আহত হয়েছেন। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশেও অন্তত ১২ জন মানুষের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জালালাবাদের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর ফলে কাদামাটি ও পাথর দিয়ে নির্মিত অধিকাংশ বাড়িঘর মুহূর্তেই ধসে পড়ে। এখনও উদ্ধার অভিযান চলছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রাথমিকভাবে ৫০ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে বিদেশি সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে এই মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *