কলকাতা- প্রয়াত দেবশ্রী রায়ের দিদি তনুশ্রী রায় ভট্টাচার্য ওরফে ‘ঝুমকি’। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তিনি।
সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের মাসি দেবশ্রী (রুমকি) এবং ঝুমকি। জানা গিয়েছে, মাসির প্রয়াণের খবর পেয়ে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন রানির দাদা রাজা মুখোপাধ্যায়।
ইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের দিদি হিসেবেই পরিচিত ঝুমকি। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানেও দুই বোন রুমকি-ঝুমকি একসঙ্গে মাইক হাতে গান গেয়েছিলেন। তবে রুমকি-ঝুমকি জুটির জনপ্রিয়তা বহু আগেই থেকেই। শিশুশিল্পী হিসেবে দুই বোন অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে পারফর্ম করেছেন। তরুণ মজুমদার পরিচালিত ‘কুহেলি’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ফিল্মি কেরিয়ার শুরু করেন দেবশ্রী।
আজ সকালে আচমকাই আছড়ে পড়ল দেবশ্রীর পরিবারে দুঃসংবাদ। জানা যায়, বার্ধক্যজনিত কোনও সমস্যাই ছিল না তনুশ্রীদেবীর। দিন কয়েক আগেই দেবশ্রীর বন্ধু তথা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ভাইকে হারিয়েছেন। তাঁরও হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল।
