কলকাতা- বাংলায় শীত-শীত ব্যাপারটা যে মালুম হচ্ছিল, তা শুক্রবার থেকে কমে যেতে চলেছে। কারণ শুক্রবার থেকে ফের পশ্চিমবঙ্গের পারদ চড়তে চলেছে।
আলিপুর আবহাওয়ার দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। কিন্তু পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে যাবে।
এখন সাগরে যে ‘সিস্টেম’ আছে, তার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্তও পশ্চিমবঙ্গে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই।
আপাতত বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও আশঙ্কা রয়ে গিয়েছে। বুধবার রাতে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল, সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
