কলকাতা- তৃণমূলের শহীদ দিবসের পরদিনই ঘাটাল মাস্টার প্ল্যান ও দেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, দেবকে নাকি রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে! এবার দিলীপের মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব।
বন্যার কারণে দেবের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল ঘাটালে। নায়কের সেই প্রসঙ্গে বলেছিলেন বিরোধীরা তাঁকে পিছন থেকে ছুরিকাঘাত করছেন। তাঁরাও চাইলে সাহায্য করতে পারতেন এখানকার মানুষদের। কিন্তু নায়কের মতে, দিলীপ তেমনটা নন। তিনি সোজাসাপটা কথাতেই বিশ্বাসী। আর সেটাই ভালো লাগে তাঁর।
দেব এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘দিলীপবাবু আমার অতন্ত্য প্রিয় একজন রাজনীতিবিদ। তিনি সামনে কথা বলতে ভালোবাসেন, পিছনে ছুরি মারেন না। আমার কাছে দিলীপ বাবুর আলাদা একটা সম্মান আছে। আসলে আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার মনে হয় দিলীপবাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন।খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে তো একটা ঢিল মারতে হবে। আর আমি তো এখানে সব থেকে বেশি সফট টার্গেট। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।’
প্রসঙ্গত, একটি সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা গিয়েছিল, ‘দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন, ‘এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, তাহলে রাজনীতি ছেড়ে দেব’। আবার ভোটে দাঁড়ান। আবার ওখানকার মানুষজন তাঁকে ভোট দেন। মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কী হবে? ছেলে কোনও কাজে নেই।’
