দিঘা জগন্নাথধামে অলৌকিক ঘটনা! আকাশে আলোক বলয়! ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা- পশ্চিম মেদিনিপুরের আকাশে দেখা গেল সূর্যের বলয়। প্রবল গরম থেকে আবহাওয়ার হঠাৎ কিছুটা পরিবর্তনও হয় দুপুরের পর। কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আসে আকাশ। আর আকাশের এই বিশেষ বলয় দৃশ্যমান হয় দিঘা জগন্নাথ মন্দিরের চূড়া থেকেও।

জন্মাষ্টমীর আগে এই বলয় দৃশ্যমান হওয়াতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ‘দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত।’

দিঘা জগন্নাথ মন্দিরের আকাশে এই বিরল আলোকবৃত্তের ছবি মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়। অনেকেই এই ঘটনাকে ঈশ্বরের আশীর্বাদ বলে মত প্রকাশ করেন। মোবাইল ফোনে ছবিও তুলতে থাকেন পর্যটকরা।

এই ঘটনাকে অতিপ্রাকৃত কিছু বলে মানছেন না বিশেষজ্ঞরা। ভূগোলের পরিভাষায় একে সান হ্যালো বলা হয়। বিজ্ঞানীরা মনে করছেন, মেঘে জলের স্ফটিক থাকলে, বিশেষ করে সিরাস মেঘ হলে, স্ফটিকগুলির ষড়ভূজাকৃতি গঠনের মধ্যে দিয়ে সূর্যের আলো ২২ ডিগ্রিতে বেঁকে যায়। এর ফলে সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কৌণিক দূরত্বে একটি উজ্জ্বল বলয় তৈরি হয়। একে সৌরবলয় বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *