রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে দিঘায়! আজই যাবেন মুখ্যমন্ত্রী, শুক্রবার কী কী আয়োজন, জেনে নিন

কলকাতা- ২৭ জুন শুক্রবার রথযাত্রা। এবার পুরী বা মাহেশের চিরাচরিত রথযাত্রার পাশাপাশি সকলের নজর রয়েছে দিঘার রথযাত্রার দিকেও।

দিঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের পর  প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। আজ বুধবার মু‌খ্যমন্ত্রীর দিঘা পৌঁছে যাওয়ার কথা। প্রস্তুতি কেমন হচ্ছে, তা তদারকি করতে চান তিনি।

দিঘার রথযাত্রা সফল করতে ইসকনের প্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব ও রাজ্য পুলিশের কর্তারা বৈঠক করেছেন। সমবেত ভক্তরা যাতে সকলে জগন্নাথদেবকে দর্শন করতে পারেন, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির চত্বরে সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ৩৬ চাকার তিনটি বিশাল রথ। এছাড়াও রথযাত্রা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে মহোৎসবের।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩০০০ পুলিশ মোতায়েন থাকবে। মন্দির চত্বরের চার কোণায় বসানো হয়েছে চারটি ওয়াচ টাওয়ার। নজরদারি চালাবে ড্রোন। থাকছে সিসি ক্যামেরাও। এছাড়া কোথাও কোনও সমস্যা রয়েছে কি না তা দেখার জন্য পরীক্ষামূলকভাবে শুক্রবার মাসির বাড়ি পর্যন্ত তিনটি রথ টানা হয়েছিল বলে জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন।

পদপিষ্ট হওয়ার মতো ঘটনা এড়াতে ওল্ড দিঘায় মাসির বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় বেশ কয়েকটি ড্রপ গেট তৈরি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য ২৬ তারিখ মন্দির খুলে দেওয়া হবে। সমস্ত দর্শনার্থীর জন্য অন্নপ্রসাদি থালায় থাকবে ভাত, সবজি, ডাল, চাটনি ও পায়েস।

২৭ তারিখ মুখ্যমন্ত্রী রথযাত্রার সূচনা করবেন। সোনার ঝাঁটায় পরিষ্কার করবেন রাস্তা। সেই পথে ওল্ড দিঘার পুরোনো জগন্নাথ মন্দির চত্বরে তৈরি মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেজন্য ইতিমধ্যেই রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করা হয়েছে।

মাসির বাড়ি যাওয়ার যে এক কিলোমিটার রাস্তা, তার দু’পাশে বেশ কিছু বাতাসা, প্যাঁড়া, নারকেল নাড়ু ইত্যাদির দোকান বসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *