কলকাতা- শুটিংয়ের কাজে স্কটল্যান্ডে ছিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সোমবারই কলকাতায় চলে আসেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। যোগ দেন ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশেও।
অভিযোগ, এর মধ্যে তিনি একবারও ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাননি। আর তাই এবার ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে সাংসদ হিসেবে দেবের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি এদিন বলেছেন, ‘দেব ভালো ছেলে। কিন্তু এমন ভালো ছেলে হয়ে লাভ কী? যে কি না নিষ্কর্মা। কার চাপে দেব এখনও রাজনীতি করছে?’
২০২৪ সালের লোকসভা ভোটে লড়তে চাননি দেব। ভোটের আগে জানিয়েছিলেন, কাজের চাপের জন্য রাজনীতিতে থাকতে চান না তিনি। সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ। যদিও পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে লড়তে রাজি করান।
মমতা নাকি তাঁকে আশ্বাস দিয়েছিলেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করবে। এর পরই ফের ভোটে দাঁড়িয়ে জয়ী হয়ে ঘাটালের সাংসদ হিসেবে নির্বাচিত হন দেব। তবে কথামতো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর পরেও দেবকে ঘাটালে যেতে দেখা যায়নি।
এদিন বিজেপি নেতা বলেন, ‘দেব প্রতিবার ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা দেয়। কিন্তু কেন এভাবে বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন তিনি? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ওঁর ইস্তফা দেওয়া উচিত।’
