কলকাতা – দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মূর্হূতের ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনার প্রেক্ষিতে সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ জানালেন দিলীপ। ‘আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে’, এই লিখে জয়েন্ট কমিশনারকে (ক্রাইম) চিঠি দিয়ে তদন্তের আর্জি জানালেন দিলীপ।
সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ কিছু ইউটিউব চ্যানেলে সেগুলি দেখানো হয়। ওই ভিডিয়ো বিজেপি নেতা দিলীপ ঘোষের বলে দাবি করা হতে থাকে বিভিন্ন মাধ্যমে। তার বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ হয়ে দিলীপ লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে মানহানি করার জন্য এটা করা হয়েছে।’ পুলিশের কাছে দিলীপের আর্জি, বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
