আবার চেনা ছন্দে দিলীপ ঘোষ! ২৬-এর নির্বাচনে বড় দায়িত্ব ‘অভিমানী নেতা’র কাঁধে?

কলকাতা- পরনে গেরুয়া পাঞ্জাবি-সাদা কালো চেক জহর কোট। চেনা মেজাজে দীর্ঘদিন পর দলের কোনও মিটিং-এ যোগ দিলেন দিলীপ ঘোষ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ বৈঠকের পাশাপাশি সারলেন মধ্যাহ্নভোজ। রাজকীয় এই ভোজের আসরে দেখা মিলল শমীক-সুকান্ত-শুভেন্দুর।

বৈঠক সেরে বেরোতেই কী কথা হল তা শোনার জন্য যখন মুখিয়ে সংবাদমাধ্যম, ঠিক তখনই তাঁর সংক্ষিপ্ত জবাব ‘যা বলার দল বলবে।’

দিলীপ ঘোষ, এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। সংগঠন মজুবত করে কীভাবে চোখে চোখ রেখে ভোটের ময়দানে জয় ছিনিয়ে নিতে হয় তা তিনি দেখিয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর নেতৃত্বে বাংলায় ১৮ জন সাংসদ পেয়েছিল গেরুয়া শিবির।

২০২১ বিধানসভা নির্বাচন। তখনও রাজ্য বিজেপি সভাপতি পদে আসীন দিলীপ ঘোষ। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গেল ৭৭ আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। এরপর দিন যত এগিয়েছে ততই দলের অন্দরে কোণঠাসা হয়েছেন তিনি।

চলতি বছর মোদি ও শাহ কলকাতা সফরে এসেছেন, সভা করেছেন কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়ে অভিমানও উগরে দিয়েছেন। এদিকে অনেকেই বলেছেন, দিলীপ-সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন।

ওয়াকিবহাল মহলের ধারণা, হারানো জমি ফিরে পেতে দিলীপকে প্রয়োজন, তা অনুভব করেছেন দলের বাকি সদস্যরাও। সেই কারণেই দিলীপকে ডেকেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে কলকাতার এক অভিজাত হোটেলে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অমিত শা। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *