বাংলায় আসছেন মোদি, এবারও আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ!বিজেপির সঙ্গে বাড়ছে দূরত্ব!

কলকাতা- শুক্রবার কলকাতায় তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দমদমেও সভা করার কথা রয়েছে তাঁর। কিন্তু এবারেও বঙ্গে মোদির সভায় ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমন্ত্রণ পাননি বলে সাফ জানিয়েছেন তিনি।

শুক্রবার মোদির সভাকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। এই সভায় দিলীপ থাকবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এনিয়ে মুখ খুলেছেন খোদ দিলীপই।

এদিন অভিমানের সুরে তিনি বলেন, ‘আগামীকাল যাব কি না ঠিক করিনি। আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই অন্য কাজে চলে যেতে পারি। দলের কর্মসূচি দল ঠিক করবে। আর আমি কোথায় যাব সেটা আমি ঠিক করি, আমিই ঠিক করব।’

এর আগেও দলে নিজের অবস্থান বোঝাতে গিয়ে আক্ষেপের সুরে তাঁর মন্তব্য, ‘আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি! অর্ডার এলে কাজে নামি।’ উল্লেখ্য, গত মাসে দুর্গাপুরে মোদির সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। সেদিনই যদিও তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *