Dona Ganguly : থানায় সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়! হঠাৎ কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলেন?

কলকাতা – সোশ্যাল মিডিয়ায় তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করার জন্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ পত্নীর অভিযোগের উপর ভিত্তি করে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি নাচের অনুষ্ঠান ঘিরে কুমন্তব্য করা হয় তাঁকে। একটি বিশেষ ফেসবুক পেজ থেকে ডোনার বিরুদ্ধে বেশ কিছু কুরুচিকর মন্তব্য ভেসে আসতে দেখা যায় যার ফলে এই পদক্ষেপ তুলতে বাধ্য হন ডোনা।

ডোনার অভিযোগ অনুযায়ী, তিনি গত ৪৫ বছর ধরে নাচের সঙ্গে যুক্ত। বিভিন্ন স্টাইলের নাচ করেন তিনি দেশে এবং বিদেশে। ওড়িশি নৃত্যের অনুষ্ঠান করেন বিশ্বের একাধিক দেশে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে, তা দেখে রীতিমতো ক্ষুব্ধ নৃত্যশিল্পী।

অনলাইনে অযথা এবং অন্যায় ভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রের সঙ্গে ওই পোষ্টের বিভিন্ন স্ক্রিনশট পুলিশের কাছে তুলে দেন ডোনা। ওই ফেসবুক সংক্রান্ত একটি মোবাইল নম্বরও পুলিশের কাছে দেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ ঠিক একইভাবে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাঁদের দুজনকে এবং সন্তানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *