কলকাতা- আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের উপর চাপানো হবে নতুন শুল্ক হার। মঙ্গলবার ভারতকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ব্যবসার জন্য ভারত ভালো অংশীদার নয়। ওরা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই ভারতের উপর আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে। কারণ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে।”
সোমবারই ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাঁর সোশাল মিডিয়ায় লেখেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে রুশের বন্ধু ভারতের কিছু এসে যায় না। তাই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’
ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রীই ইউরোপমুখী হয়েছিল। তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত। শুধু তাই নয়, সেই সময় বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে আমেরিকাই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল।’
