কলকাতা- বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্ডকে দক্ষিণ আমেরিকা মহাদেশ লাগোয়া সমুদ্রে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের তরফে শুক্রবার (স্থানীয় সময়) এই তথ্য জানানো হয়েছে।
ফোর্ড বিশ্বের বৃহত্তম রণতরী। এতে পাঁচ হাজারের বেশি নাবিক রয়েছেন। অন্তত ৯০টি যুদ্ধবিমান এই জাহাজ একাই বইতে পারে।
জানা গিয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনেজুয়েলার উপকূলে এই রণতরীটি থাকবে। পেন্টাগন কোনও দেশের নাম উল্লেখ না করলেও তাদের মুখপাত্রের দাবি, মাদক পাচারচক্র ভেস্তে দিতে এবং মাদক সন্ত্রাসের মোকাবিলার জন্য আমেরিকার সাউদার্ন কমান্ড এলাকায় রণতরী মোতায়েন করা হচ্ছে।
এই মার্কিন রণতরী এতদিন ভূমধ্যসাগরে ছিল। পেন্টাগনের নির্দেশের পর তা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ লাগোয়া সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে বলে খবর।
প্রসঙ্গত, আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার উপকূল সংলগ্ন সমুদ্রে একটি বড়সড়ো মাদক পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ, বেআইনিভাবে নিষিদ্ধ মাদক সেখান থেকেই আমেরিকায় আসে। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই চক্রের বিরুদ্ধে কঠোর নীতি নিয়েছেন।
