অল্পের জন্য় রক্ষা রাষ্ট্রপতির! দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার নামতেই হেলিপ্যাডে ধস

কলকাতা- বুধবার শবরীমালা মন্দির দর্শন করতে হেলিকপ্টারে করে প্রমাদমে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সেই হেলিকপ্টারটি কেরলের প্রমাদমে নতুন কংক্রিটের হেলিপ্যাড টারম্যাকে অবতরণ করার পরই সেটির একটি অংশে ধস নামে।

আজ প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের নবনির্মিত হেলিপ্যাডে নামে ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। এটিতে করেই রাষ্ট্রপতি যাত্রা করেছিলেন। তারপর স্টেডিয়াম থেকে তিনি সড়কপথে শবরীমালার পাদদেশে পাম্বার উদ্দেশ্যে রওনা হন। রাষ্ট্রপতি চলে যাওয়ার কিছু পরেই হেলিপ্যাডে ধস নামে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বায়ুসেনার হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনার চেষ্টা করছেন বেশ কয়েকজন পুলিশ এবং দমকল কর্মী। এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টারের অবতরণের বিষয়টি শেষ মুহূর্তে নির্ধারিত হয়। সেখানে মঙ্গলবারই একটি হেলিপ্যাড তৈরি করা হয়।

উল্লেখ্য, প্রথমে পাম্বার কাছে নীলকলে নামার কথা ছিল রাষ্ট্রপতির হেলিকপ্টারের। তবে সেদিকে আবহাওয়া খারাপ থাকায় সিদ্ধান্ত বদল করা হয়েছিল। এই আবহে পুলিশ আধিকারিক জানান, একদিনের মধ্যে হেলিপ্যাডের কংক্রিট ঠিক ভাবে ‘সেট’ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *