কলকাতা- ২০২৫ পুজো প্রস্তুতিতে WBSEDCL
প্রতি বছরের মত এবছরেও দুর্গাপুজো (২৬.০৯.২০২৫ থেকে ০৫.১০.২০২৫), লক্ষ্মীপুজো (০৬.১০.২০২৫ থেকে ০৭.১০.২০২৫), কালীপুজো (২০.১০.২০২৫ থেকে ২২.১০.২০২৫) মহাসমারোহে সমস্ত রাজ্য জুড়ে পালিত হবে।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী পুজোর দিনগুলোতে সামগ্রিক বিদ্যুতের চাহিদা:-
পুজোর দিন এবং সমগ্র রাজ্যে লোডের পরিমান (মেগাওয়াট)
চতুর্থী (০৭.১০.২০২৪)৯৯১২.৭১ মেগাওয়াট
পঞ্চমী (০৮.১০.২০২৪)৯৬৪১.৮৮ মেগাওয়াট
মহাষষ্ঠী (০৯.১০.২০২৪)৯১১৮.২৫ মেগাওয়াট
মহাসপ্তমী (১০.১০.২০২৪)৮৭১০.৬৬ মেগাওয়াট
মহাষ্টমী (১১.১০.২০২৪)৮৮০১.১২ মেগাওয়াট
এই বছর পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক ১২০৫০ মেগাওয়াট হওয়ার সম্ভবনা রয়েছে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৮০% ছাড় দেওয়া হচ্ছে।
মনে হচ্ছে, অস্থায়ী বিদ্যুৎ সংযোগ আবেদনের সংখ্যা এই বছর, গত বছরের ৫০,৫৫০ কেও ছাড়িয়ে যাবে। বিদ্যুৎ পরিবারের মোট ৭৩৪১৪ জন কর্মী পুজোর সময় পরিষেবা দেওয়ার কাজে যুক্ত থাকবেন।
প্রতিবারের মতো এবারেও সমস্ত বিদ্যুৎ পরিবার অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করতে বন্ধ-পরিকর। নিজের পুজো, পরিবার সব কিছু দূরে সরিয়ে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী এবং আধিকারিকগণ পুজোর দিনগুলিতে মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবেন, নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। ছুটি বাতিল করা হয়েছে।
কন্ট্রোল রুম সম্পর্কিত তথ্য :-
উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ ভবনে ২৪x৭ একটি কন্ট্রোলরুম খোলা থাকবে যার নম্বর হলঃ ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪। যার মাধ্যমে গ্রাহকরা কোনওরকম পরিষেবা সংক্রান্ত সমস্যা জানাতে পারবেন। এই কন্ট্রোলরুমটির দায়িত্বে থাকবেন Director (Distribution), WBSEDCL, Executive Director (Distribution), WBSEDCL এবং Chief Engineer (Distribution South), WBSEDCLI
এছাড়াও গ্রাহকরা টোল-ফ্রী নম্বর ১৯১২১-এও নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
CESC (The Calcutta Electric Supply Corporation Ltd.) অধীনস্থ এলাকা- গুলিতে বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণের লক্ষ্যে ৯৮৩১০৭৯৬৬৬/ ৯৮৩১০৮৩৭০০ নম্বর দুটি সচল থাকবে, পরিষেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য। এছাড়াও CESC এর টোল ফ্রী নম্বর ১৯১২-ও সচল থাকবে।
সমস্ত পুজো সংগঠক। আবেদনকারীদের কাছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সঠিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
উদাহরণস্বরূপ, ধরা যাক কোন পুজামণ্ডপ শুধু মাত্র ৫ কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ নেয় কিন্তু ১০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে Cable এবং ট্রান্সফর্মারটি পুড়ে সমগ্র এলাকায় অন্ধকার নেমে আসতে পারে অথবা বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যুতের তারের ঠিক নিচে কোনও স্থানে প্যান্ডেল করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে যাতে কোনও প্রকার বিপদ না ঘটে।
IS বর্ণিতমানের তার/ কেবল ব্যবহার করার এবং কোনও প্রকার খোলা/ লিকেজ তার (wire) যাতে ব্যবহার না করা হয় অথবা সংযোগ-স্থল (joint) খোলা না থাকে সেদিকে যেন নজর রাখার আবেদন করা হচ্ছে এবং মণ্ডপের ভিতরে ও মূল সংযোগ স্থাপনকারী তার (wire) গুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মণ্ডপের বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত Electrical Distribution বোর্ডটিতে উন্নতমানের M.C.B /লোডের অনুপাতে সঠিক Gauge-এর Fuse তার ও Main Switch ব্যবহার করার এবং Earthing করানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
মণ্ডপের লোক সমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটি ব্যবস্থা করার জন্য আবেদন করা হচ্ছে।
প্রয়োজন বিশেষে, পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীরা যাতে সহজেই মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটিতে প্রবেশ করতে পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
